বিশেষ পোস্ট

পেটে মেদ জমেছে?

 

পেটের মেদ কমানো - peter med komano bangla
ফাইবারযুক্ত খাবার

আজকের দিনে পেটের অতিরিক্ত মেদ একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। এটা হলো ভিসেরাল ফ্যাট (Visceral Fat)। পেটে মেদ জমলে তা কেবল শারীরিক সৌন্দর্যই নষ্ট করে না, বরং ডায়াবেটিস ও হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দীর্ঘক্ষণ বসে কাজ করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে এই সমস্যা দিনদিন বাড়ছে। এই চর্বি একদিনে আসে না, তাই এটা কমাতেও সময় দিতে হবে। ভালো খবর হলো, জিমে না গিয়েও ঘরে বসে সঠিক নিয়ম মানলে পেটের মেদ কমানো সম্ভব।

পেটে মেদ জমার কারণ

যেকোনো সমস্যার সমাধান পেতে তার কারণ জানা জরুরি। নিচে ভিসেরাল ফ্যাটের মূল কারণগুলো উল্লেখ করা হলো।

চিনিযুক্ত খাবার: মিষ্টি, কোমল পানীয় ও ফাস্টফুডে থাকা অতিরিক্ত চিনি পেটে চর্বি জমায়। 

শারীরিক নিষ্ক্রিয়তা: দীর্ঘসময় অলস বসে থাকলে অথবা শারীরিক পরিশ্রম না করলে ভিসেরাল ফ্যাট সৃষ্টি হয়।

মানসিক চাপ: অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীরে কর্টিসল হরমোন বের হয়, যা পেটে মেদ বাড়াতে পারে।

ঘুমের অভাব: দৈনিক ৬ ঘন্টার কম ঘুমালে শরীরের বিপাক কমে যায়, যার ফলে পেটে চর্বি জমতে থাকে।

বংশগত কারণ: কারো কারো ক্ষেত্রে জিনগত বৈশিষ্টের কারণেও পেটে মেদ জমে থাকে।

পেটের মেদ কমানোর উপায়

ভিসেরাল ফ্যাট কমানোর ক্ষেত্রে সিংহভাগ ভূমিকা রাখে ব্যক্তির খাদ্যাভ্যাস এবং এর পর রয়েছে শরীরচর্চার ভূমিকা। তাই সবার আগে খাবারের পরিবর্তন আনতে হবে। এখানে বিজ্ঞানসম্মত ও কার্যকর উপায়ে পেটের মেদ ঝরানোর পদক্ষেপগুলো আলোচনা করা হলো।

১। চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

চিনি হলো পেটের সবচেয়ে বড় শত্রু। চায়ের চিনি, কেক, মিষ্টি ও কোমল পানীয়তে উল্লেখযোগ্য পুষ্টি নেই। আছে কেবল ক্যালরি, যা সরাসরি পেটে গিয়ে জমে। তাই প্রথম ১৫ দিনের টার্গেট হোক 'No Sugar Challange'. প্যাকেটজাত জুসের বদলে লেবু-পানি খান। চিনির পরিবর্তে খাবারে প্রাকৃতিক মধু বা গুড় সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। প্রক্রিয়াজাত খাবারে পুষ্টি উপাদান কম থাকে বিধায় তা সরাসরি পেটে চর্বি জমতে সাহায্য করে। এর  পরিবর্তে প্রাকৃতিক খাবারে অভ্যস্ত হতে হবে, যেমন- শাকসবজি, ফল ও ওটস।

২। প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ বাড়ান

পেটের মেদ কমানোর জন্য প্রোটিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, যার ফলে ঘনঘন খাওয়ার প্রবণতা কমে। সকালে প্রোটিন দিয়ে নাস্তা করতে পারেন। সকালের খাদ্যতালিকায় ২টা সেদ্ধ ডিম, ১টা কলা আর ১ কাপ গ্রিন টি রাখতে পারেন। দুপুরে ভাতের পরিমাণ অর্ধেক করে প্লেটের বাকি অর্ধেক সবজি আর প্রোটিন দিয়ে ভরুন। খাদ্যতালিকায় ডিম, মুরগি, মাছ, ডাল ও ফাইবার জাতীয় খাবার রাখতে হবে।

৩। ফাইবার সমৃদ্ধ খাবার খান

হেলথলাইন (healthline) - এর তথ্য অনুসারে, দ্রবণীয় ফাইবার হজমপ্রক্রিয়া ধীর করে চর্বি কমাতে সাহায্য করে। ফাইবার পানিতে ফুলে যায়, তাই অল্প খাবারেই পেট ভরা থাকে। ভাত-রুটির সঙ্গে ফাইবার খেলে শরীরে শর্করা শোষণ ধীর হয়। বাদামী চাল, সবুজ শাকসবজি, ডাল, ছোলা, ওটস ও ফলের মতো ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। চিয়া সিডস ও তিসি বীজ পানিতে ভিজিয়ে খেলে প্রচুর দ্রবণীয় ফাইবার পাওয়া যায়। 

৪। শর্করা কমিয়ে ফেলুন

খাবারে অতিরিক্ত শর্করা থাকলে শরীর তা চর্বি হিসেবে জমা করে। সাদা ভাত, ময়দার রুটি, পাউরুটি এবং নুডলসের মতো পরিশোধিত খাবার পেটের মেদ বাড়িয়ে থাকে। এর পরিবর্তে লাল চালের ভাত, লাল আটার রুটি বা ওটস খাওয়ার অভ্যাস করতে পারেন। জনস হপকিন্স মেডিসিন (Johns Hopkins Medicine) - এর তথ্য অনুসারে, কম কার্বোহাইড্রেটের ডায়েট দ্রুত পেটের মেদ পোড়াতে অত্যন্ত কার্যকর। 

৫। নিয়মিত শরীরচর্চা করুন

শরীরচর্চা পেটের চর্বি কমাতে সহায়তা করে। তবে এর জন্য জিমে যাওয়া বাধ্যতামূলক নয়। আপনার শরীরই আপনার জিম! প্রতিদিন সকালে ২০ মিনিট সময় বের করুন। প্রথম ১০ মিনিট জোরে হাঁটুন বা উন্মুক্ত স্থানে দৌড়ান। এতে হৃদস্পন্দনের হার বাড়বে এবং চর্বি পুড়তে শুরু করবে। পরের ১০ মিনিটে করুন তিনটি সহজ ব্যায়াম- ১ মিনিট প্ল্যাঙ্ক, ২০টা স্কোয়াট এবং ২০টা ক্রাঞ্চ। এই সার্কিট তিন বার করুন। সপ্তাহে পাঁচদিন করলেই চলবে। 

৬। পর্যাপ্ত পানি পান করুন

পানি পান করাকে অনেকে গুরুত্ব দেয় না। কিন্তু পানি বিপাক বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত বর্জ্য বের করে দেয়। দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস বা ৩ থেকে ৩.৫ লিটার পানি পান করুন। পানি ক্ষুধা নিয়ন্ত্রণ, বিপাক বৃদ্ধি,  বর্জ্য অপসারণ ও মিষ্টি পানীয়ের বিকল্প হিসেবে পরোক্ষভাবে পেটের মেদ কমিয়ে থাকে। 

৭। পর্যাপ্ত ঘুমান

পেটের চর্বি কমানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম। প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমের ঘাটতি হলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা মেদ জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ঘুমের অভাবে শরীরের বিপাক কমে যায় এবং ওজন বাড়ে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস করুন। 

৮। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন

অতিরিক্ত মানসিক চাপ সরাসরি পেটের মেদ বাড়াতে ভূমিকা রাখে, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'কর্টিসল বেলি' নামে পরিচিত। দীর্ঘসময় মানসিক চাপে থাকলে শরীরে কর্টিসল হরমোন নিঃসরিত হয়। এই হরমোনটি শরীরের অন্যান্য অংশ থেকে চর্বি এনে পেটের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গে জমা করতে সংকেত দেয়। নিয়মিত ধ্যান, গভীর শ্বাস বা শখের কাজের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারেন।

শেষকথা: পেটের মেদ কমানো কোনো ম্যাজিক নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত প্রচেষ্টা ও ধৈর্য। না খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন না, এতে শারীরিক ক্ষতি হতে পারে। 

ডিসক্লেইমার: এখানে উল্লেখিত তথ্যাবলি কেবল সাধারণ শিক্ষা ও সচেতনতার জন্য। স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিষয় বা  শরীরের যেকোনো সমস্যায় অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন।

Comments